টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ মোঃ সুমন মিয়া,
টাঙ্গাইলের কান্দাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত মোট ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে মোট ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এদিকে কান্দাপাড়ায় মাদকবিরোধী এ বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তবে অভিযানকে বাধাগ্রস্ত করতে একটি মহল
বিভিন্নভাবে পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযোগটির বিষয়ে সংশ্লিষ্ট মহলের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।