নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের স্যামগোপ আশ্চর্যপাড়ায় গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রতন আশ্চর্যের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মূল্যবান বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চুরিতে তাদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।