তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল প্রতিনিধি—
টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানামূলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে পুলিশ ৪ হাজার ১৬৩ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন এবং ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।