তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল জেলা প্রতিনিধি-
মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার প্রসার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা গ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ভায়েটা আদর্শ গ্রাম জনকল্যাণ পরিষদ’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাদকবিরোধী র্যালি, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
‘মাদক ছেড়ে ভবিষ্যৎ গড়ি, শিক্ষার আলোয় আদর্শ গড়ি, উন্নয়নের পথে এগিয়ে চলি’—এই স্লোগানকে সামনে রেখে ভায়েটা আব্দুল কদ্দুছ দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সাবেক কৃষি কর্মকর্তা হাজী আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারু অর রশীদ সরকার (মিজান)।
প্রাথমিকভাবে ১০০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক আলী হোসেন লেবু। কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা, উন্নয়ন ও সুরক্ষা—এই তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংগঠনকে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে চার সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন। তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং এলাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব লক্ষ্য বাস্তবায়নে ভায়েটা আদর্শ গ্রাম জনকল্যাণ পরিষদ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ভায়েটা গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।