মোঃ সুমন মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, শুধু উদ্ভাবন সৃষ্টি করলেই হবে না, উদ্ভাবকদের অর্থায়ন, নীতিগত সহায়তা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, মেধা স্বত্বের সুরক্ষা এবং বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে, ধারণাকে উদ্যোগে এবং উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তর করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্ত্রী বলেন, বাংলাদেশের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাময় ধারণার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থী, গবেষক, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে নতুন নতুন সমাধান তৈরি করছে। তবে এসব উদ্যোগকে বিনিয়োগ, শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করাই এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই সংযোগ তৈরির লক্ষ্যেই বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, মেলায় ব্যক্তিগত উদ্ভাবক ও স্টার্টআপ ফাউন্ডারসহ ১০০ জনের বেশি উদ্ভাবক এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন। এতে সারা দেশ থেকে ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, কর্পোরেট ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশ নেবে।
মন্ত্রী বলেন, উদ্ভাবন কখনোই বিচ্ছিন্নভাবে বিকশিত হতে পারে না। এর জন্য সরকার, শিক্ষাঙ্গন, শিল্পখাত, অর্থায়নকারী প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। এই সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী, টেকসই ও বাজারমুখী উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলাই বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের অন্যতম লক্ষ্য।