তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল প্রতিনিধি—
‘সুস্থ পরিবেশ, সুস্থ জাতি—পরিচ্ছন্নতায় হোক আমাদের প্রীতি’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভরশীল না হয়ে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।