নিজস্ব প্রতিবেদক,
উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের অভিযোগ তুলে স্থানীয়রা মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন নিহত হন। আহত আরও দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সাদ্দাম হোসেনের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তবে স্থানীয়দের এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আটক ট্রাকটি হেফাজতে নেয়।
পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।