নিজস্ব (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরপাড়ে কুড়িয়ে পাওয়া একটি মাটির ব্যাংককে কেন্দ্র করে ১০ বছরের এক শিশুকে চড়-থাপ্পড়, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীর বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানকুণ্ঠি গ্রামের ‘মোয়াল পুকুর’-এর পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ১০ বছর বয়সী উম্মে হানী। একপর্যায়ে সে পুকুরের পানিতে ভাসমান একটি মাটির ব্যাংক দেখতে পেয়ে সেটি কুড়িয়ে নেয়।
অভিযোগে বলা হয়, বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী চায়না বেগম (৪৫) শিশুটির কাছ থেকে মাটির ব্যাংকটি নিয়ে নিজ বাড়িতে চলে যান। পরে উম্মে হানী ব্যাংকটি ফেরত চাইলে তাকে চড়-থাপ্পড় মারাসহ ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মা সুফিয়া বেগমকে (৪০) জানায়। পরে সুফিয়া বেগম অভিযুক্তের বাড়িতে গিয়ে মাটির ব্যাংকটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে চায়না বেগমের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, মাটির ব্যাংকটি উদ্ধার এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।