টাঙ্গাইল প্রতিনিধি: মোঃ সুমন মিয়া
অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন রেখে ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে টাঙ্গাইলে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বাবলু মিয়া (২৮), মনির হোসেন (৩০), সখীপুরের নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুন (২৯)।
সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে তারা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিম সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে। এসব সিম অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
তদন্তে অনলাইন বেটিংয়ের অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচারের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। গ্রেপ্তারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
সিআইডি আরও জানায়, একই মামলায় এর আগে বিভিন্ন অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।