রত্না খাতুন বিশেষ প্রতিনিধি,
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি রুমে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আরসিআরইউর পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নতুন সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
আরসিআরইউর সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
নবীনদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, “নবীনদের হাত ধরেই তৈরি হবে নতুন বাংলাদেশ। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই কলেজ ও দেশ দক্ষ জনশক্তি পাবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি চর্চার বিষয়। নবীনরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্য ও বাস্তবতা তুলে ধরার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার উন্নয়নের মাধ্যমে সমাজ ও দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। তিনি নবীনদের উদ্দেশে বলেন, তাদের কাজের মাধ্যমেই নতুন পরিচয় তৈরি হবে। নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তাদের কাজ যেন বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের জন্য সম্মান বয়ে আনে।
তিনি আরও বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুসাংবাদিকতার চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে। শুধু রাজশাহী নয়, এই সংগঠন থেকে তৈরি হওয়া দক্ষ ও যোগ্য জনশক্তি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অল্প সময়ের মধ্যে এটিই সংগঠনটির অন্যতম বড় অর্জন।
আরসিআরইউর এই ধারাবাহিকতা ধরে রাখতে নবীনদের তারুণ্যের উদ্যম, দায়িত্ববোধ ও ভালোবাসা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চার ধারা অব্যাহত রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, আরসিআরইউর শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক শিক্ষক উপদেষ্টা আজমত আলী রকি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন আরসিআরইউর সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও এনটিভির রাজশাহীর অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, বর্তমান সভাপতি আব্দুল আলিম, সাবেক সহসভাপতি সুজন আলী এবং বর্তমান সাধারণ সম্পাদক জুল ইকরাম ফেরদৌস।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য, সহযোগী সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।