নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কারানির্যাতিত নেতা ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকার।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় আবু শামা সরকার বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে তিনি কখনো পিছিয়ে যাননি। আগামী দিনেও জনগণের আস্থা ও সমর্থন নিয়ে চান্দাইকোনা ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও সুখী-সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করতে চান।
আবু শামা সরকার জানান, নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এদিকে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন আবু শামা সরকার। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু শামা সরকার ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন।