টাঙ্গাইল প্রতিনিধিঃ মোঃ সুমন মিয়া,
টাঙ্গাইল সদর থানার কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ‘জ্বীনের বাদশা’ নামে পরিচিত প্রতারক চক্রের মূল হোতা শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জীর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটির সার্বিক নেতৃত্বে ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) রাফিউল করিম এবং এএসআই (নিরস্ত্র) মোঃ বিপুল ইসলামসহ পুলিশের একটি চৌকশ আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামী শাকিল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে টাঙ্গাইলের সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা (মামলা নম্বর: ২৬, তারিখ: ১৩/০৯/২০২৬ খ্রি:) দায়ের করা হয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।