মাঝুরিয়া থেকে দুলিশ্বর ব্রিজ পর্যন্ত পাকা সড়কের দাবি এলাকাবাসীর
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মাঝুরিয়া গ্রাম থেকে তাড়াশ উপজেলার দুলিশ্বর বাজারের বিপরীতে বিলের মধ্যে অবস্থিত বড় ব্রিজ পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি কাদায় একাকার হয়ে যায়, আর শুকনো মৌসুমে ধুলাবালু ও খানাখন্দে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। জরুরি রোগী হাসপাতালে নেওয়া থেকেও শুরু করে কৃষিপণ্য বাজারজাত করা পর্যন্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, এই সড়কটি দ্রুত পাকা করা হলে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বহু বছরের এই ভোগান্তির অবসান ঘটিয়ে মানুষের চলাচলের জন্য একটি নিরাপদ ও টেকসই সড়ক নির্মাণ করা হবে।