রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রেণিকক্ষ সংকট নিরসনে মুরাদপুর মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে চার কক্ষবিশিষ্ট চারতলা ভিতের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), সিরাজগঞ্জের বাস্তবায়নে নির্মিতব্য এ ভবনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা। কাজ শুরুর পরবর্তী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লতিফ সরকার, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, নলকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ও নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শ্রেণিকক্ষের সংকট নিরসন ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা পূরণে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।