নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা সহ আরো অনেকে।
সভায় বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রতিবাদ সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#