নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় চোরাইকৃত ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশের টহল টিম। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল দল উপজেলার ষোলমাইল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি করলে গাড়িতে থাকা ৩টি গরু ও ১টি ছাগলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে পশুগুলো চোরাইকৃত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গবাদিপশুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। চুরি, ডাকাতি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। চোরাইকৃত গবাদিপশু উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা সতর্ক ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।