রায়গঞ্জে প্রক্সি শিক্ষিকার মাধ্যমে চলছে পাঠদান, হাজিরা রেজিস্টারে জাল স্বাক্ষরের অভিযোগ; প্রশাসনের তদন্তের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে ইংরেজি বিষয়ের শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেম ও সাবেক সভাপতি আবু হাসান আজাদের যোগসাজশে প্রক্সি শিক্ষিকার মাধ্যমে পাঠদান চালিয়ে যাওয়ার পাশাপাশি হাজিরা রেজিস্টারে জাল স্বাক্ষরের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালে এনটিআরসিএর মাধ্যমে ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন উম্মে সালমা রিনী। যোগদানের পর প্রায় দুই বছর নিয়মিত পাঠদান করলেও শারীরিক অসুস্থতার কারণে মাঝেমধ্যে অনুপস্থিত থাকতেন তিনি। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে অসুস্থতার কারণ দেখিয়ে মাদ্রাসায় আসা বন্ধ করে দেন এবং একের পর এক ছুটি নিতে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে মাদ্রাসা পরিচালনা কমিটি দীর্ঘদিনের ছুটি মঞ্জুর করতে অনাগ্রহ প্রকাশ করলে সাবেক সভাপতি আবু হাসান আজাদ ও ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেমের সঙ্গে সমঝোতার মাধ্যমে একই এলাকার একটি কিন্ডারগার্টেনের গণিত বিভাগের শিক্ষিকা লিপি খাতুনকে প্রক্সি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ইংরেজি ক্লাস চালু রাখা হয়। বিনিময়ে ওই শিক্ষিকাকে মাসিক ৭ হাজার ৫০০ টাকা দেওয়া হতো বলে জানা গেছে।
এদিকে, অনুসন্ধানে পাওয়া শিক্ষক হাজিরা রেজিস্টার নিয়ে উঠেছে আরও গুরুতর প্রশ্ন। অভিযোগ রয়েছে, শিক্ষিকা উম্মে সালমা রিনী মাদ্রাসায় উপস্থিত না থাকলেও জাল স্বাক্ষরের মাধ্যমে নিয়মিত হাজিরা দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করেছেন। এমনকি ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্তান জন্মদানের দিনও হাজিরা রেজিস্টারে তাঁর উপস্থিতি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই সময়ে তাঁর মেডিকেল ছুটি কিংবা মাতৃত্বকালীন ছুটির কোনো তথ্য শিক্ষক হাজিরা রেজিস্টারে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ে ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীকে মাত্র ছয় দিন মাদ্রাসায় দেখেছে তারা। শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ইংরেজি পাঠদান কতটা নিয়মিত ও কার্যকর হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।
এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলেও—এমন অভিযোগ উঠেছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র চারজন উত্তীর্ণ হয়েছে। বাকি ১৩ জন অকৃতকার্য হয়েছে, যাদের অধিকাংশই ইংরেজি বিষয়ে ফেল করেছে বলে জানা গেছে।
প্রক্সি শিক্ষিকা লিপি খাতুনের সঙ্গে কথা হলে তিনি জানান, ২০২৫ সালের মে মাস থেকে মাসিক ৭ হাজার ৫০০ টাকা বেতনে তিনি ওই মাদ্রাসায় উম্মে সালমা রিনীর পরিবর্তে ইংরেজি ক্লাস নিচ্ছেন। বেতন কে প্রদান করেন জানতে চাইলে তিনি বলেন, উম্মে সালমা রিনী ম্যাডাম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে তাঁকে টাকা পাঠিয়ে দেন।
অভিযুক্ত শিক্ষিকা উম্মে সালমা রিনীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্বামী আবু হাসনাত ফোন রিসিভ করে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাঁর স্ত্রী এখনো অসুস্থ। আগামী রবিবার থেকে তিনি মাদ্রাসায় যাবেন।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেমের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কমিটিকে অবগত করেই বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
মাদ্রাসার বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোতগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযুক্ত শিক্ষিকা ও মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাক মণ্ডল বলেন, “বিষয়টি প্রতিষ্ঠান থেকে আমাকে কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম। খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একজন শিক্ষিকা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও কীভাবে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করলেন? হাজিরা রেজিস্টারে অনুপস্থিতির সময়ে উপস্থিতি দেখানো হয়ে থাকলে এর দায়ভার কার? প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার বিষয়টি কতটা বিধিসম্মত? এসব প্রশ্নের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।