রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে নবগঠিত রায়গঞ্জ থানা কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদি এ কমিটিতে একরামুল হককে সভাপতি, নাসির উদ্দিন শিবলীকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলাম আবিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজের কনফারেন্স রুমে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এ ছাড়া রায়গঞ্জ থানা কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ‘সুখ পাখি—আলোর জন্য জাকাত তহবিল’-এর প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে এবং ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস, ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রায়গঞ্জ থানার ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও দুজন মানবিক ব্যক্তি অংশগ্রহণ করেন। চূড়ান্ত ভোটের মাধ্যমে তাঁরা নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন।
নবগঠিত কমিটির মাধ্যমে রায়গঞ্জে মানবিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।