রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় এবং এস. এম. মমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি গ্রাম থেকে গ্রামে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, যুবসমাজের এমন সচেতনতামূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মাদক নির্মূলের নামে কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল, সুলতান মাহমুদ শুভসহ সাংবাদিক, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।