সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার শাড়ি বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে শাড়ি তুলে দেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি না হয়েও জহুরুল ইসলাম আকন্দ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মসজিদ, মাদ্রাসা ও মন্দির সংস্কারের পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কারেও তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন বলে জানান স্থানীয়রা।
এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করার এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন জহুরুল ইসলাম আকন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণের এ উদ্যোগকে স্থানীয় অসহায় মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।