মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা হাইওয়েতে চলাচলকারী যানবাহন ও পথচারীদের লক্ষ্য করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন—
স্বাধীন (২৮), পিতা: মৃত সাফিজ উদ্দিন সাফি সর্দার
শাহাদাত সর্দার (২৫), পিতা: মৃত সাফিজ উদ্দিন সাফি সর্দার
মোঃ আকাশ (২৭), পিতা: মৃত শফি মিয়া
মোঃ শাকিল (২৫), পিতা: মৃত ইব্রাহিম
তাদের মধ্যে আকাশ ও শাকিল কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ধারালো ছুরি, লোহার চাপাতি ও বিদ্যুতের কেবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।