নিজস্ব প্রতিবেদক,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করতে শনিবার (৩০ মে) চীনের রাঙ্গগুই প্রদেশ থেকে আসেন ওয়াং ইউলাই (৩২) নামের এক চীনা নাগরিক। পেশায় স্কুলশিক্ষক এই যুবক উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা আলী হোসেনের বাড়িতে উপস্থিত হন।
তরুণীর পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত মাস আগে ওয়ার্ল্ড টক অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাইয়ের সঙ্গে আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে ক্রমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাত মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসায় বাংলাদেশে আসেন তিনি।
ওয়াং ইউলাই জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আনিকাকে বিয়ে করার ইচ্ছা তাঁর। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবেন এবং পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। চীনা পরিচয়ে কেউ কেউ বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা ও মানবপাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ে উল্লেখ করে তিনি আরও জানান, তিনি সম্পূর্ণ বৈধ উপায়ে বিয়ে করতে এসেছেন।
আনিকা আক্তার জানান, অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চান তাঁরা।
চীনা নাগরিকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।
রোববার (৩১ মে) দুপুরে আনিকার পরিবারের সদস্যদের নিয়ে মির্জাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইউলাই। এ সময় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করেন তাঁরা। ওসি আবদুল্লাহ আল মামুন জানান, চীনা নাগরিক পাসপোর্ট প্রদর্শন করেছেন এবং আইনগত সহযোগিতার প্রয়োজন হলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে।