রায়গঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তারা অংশ নেন।মানববন্ধনে লিখিত বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন তারা, যা উদ্বেগজনক ও দুঃখজনক। তাঁরা জানান, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনায়েত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। একইভাবে ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।বক্তারা আরও বলেন, এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া ১১ এপ্রিল উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের হুমকি ও মারমুখী আচরণের শিকার হতে হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে দায়িত্ব পালন করা সম্ভব নয়।” তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।