মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে রক্ষা করতে এক বিশাল মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাছা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শনিবার সকাল ১০টার দিকে গাছা থানা এলাকার বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু করে র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে স্থানীয়দের মাঝে মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানায়।এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন মাদক একটি দেশ ও জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাদকমুক্ত ও সুস্থ সবল প্রজন্মের স্বপ্ন দেখেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে এবং সমাজ থেকে এই মরণব্যাধি নির্মূলে আমরা বদ্ধপরিকর।প্রতিটি ঘরে ঘরে মাদকবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বিএনপির এই আন্দোলন শুধু ক্ষমতার জন্য নয়, বরং একটি সুস্থ সমাজ বিনির্মাণের জন্যও। বর্তমান সমাজে যেসব অন্যায়গুলো ঘটে তার সাথে জড়িত এই মাদক সেবীরা, মাদকের টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে যুবসমাজ, তাই অপরাধ কমাতে মাদকের নিয়ন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রত্যেকটি অভিভাবককে সচেতন হতে হবে তার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে, মাদকের সাথে কখনো নিজের সন্তানকে জড়াতে দেয়া যাবে না।আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আমাদেরকে জানান আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে এ জাতীয় অপরাধ থেকে আপনার সন্তানকে আমরা দূরে রাখতে চাই। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হাশেম, শফিউল্লাহ শফি, কালাম ব্যাপারী সহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকার সাধারণ মানুষ বিএনপির এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।