মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার প্রতিনিধি ও দৈনিক কালবেলার সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া নিউজ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বারের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়ার অভিযোগ, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের জের ধরে ক্ষুব্ধ হয়ে রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। পরে পরিবারের সদস্যদের সামনেই তাকে নির্মমভাবে মারধর করা হয়।
হামলার একপর্যায়ে তার হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয় বলে জানা গেছে। শুধু শারীরিক নির্যাতনেই থেমে থাকেনি হামলাকারীরা, বরং মারধরের পর তার সাথে থাকা মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে ছিল তার ব্যবহৃত মাইক্রোফোন, ব্যাগ, মানিব্যাগ এবং দুটি মোবাইল ফোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে। সচেতন মহল এই ন্যাক্কারজনক হামলা ও ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।