সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। ১২মার্চ দুপুর বৃহস্পতিবার
২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফেসানি (২০) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি থেকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফেসানি ও কলেজ ছাত্র ফয়সাল আহমেদ উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর ছবি তুলছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফেসানি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্যামল হালদার