রায়গঞ্জ প্রতিনিধি,
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য ভিপি মোঃ আইনুল হক। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি পায়। তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, নিজের মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং তা রক্ষায় সচেতন থাকতে হবে। ২১ ফেব্রুয়ারি আমাদের সেই শিক্ষা দেয়।সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল খালেক পাটোয়ারী ফুলেল শ্রদ্ধা জানান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক– সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।