সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রীরাম পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। ৩ রা মার্চ সোমবার ভূইয়াগাঁতী সিএনজি মালিক সমিতির অফিসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশাররফ হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিএনপি নেতা তছির আমাদের আবাদকৃত পুকুর বেদখল দিয়ে মাছ চাষ করে। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. আক্তারুজ্জামান তছির গংদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, একই দিন গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির মাছ লুট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। মাছ লুটের সময় তিনি বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে প্রতিপক্ষরা তার বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে তাদের পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় মোশারফ হোসেন গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একাধিক ব্যক্তিকে নামীয় আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।