মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা-এর মান্নাননগর বাজারে গ্রীষ্ম মৌসুমের আগাম তরমুজ উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই বাজারে টাটকা তরমুজের সরবরাহ দেখা যাওয়ায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই দোকানিরা তরমুজ আনছেন । দক্ষিণাঞ্চল থেকে আনা এসব তরমুজ আড়ত ও খুচরা দোকানে বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে বর্তমানে প্রতি কেজি তরমুজ ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।স্থানীয় ফল ব্যবসায়ী মো. রনি হোসেন বলেন, “মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে সামনে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।”ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গরমের শুরু ও রমজানকে সামনে রেখে তরমুজের চাহিদা বাড়ছে। অনেকেই ইফতার ও পারিবারিক আয়োজনের জন্য তরমুজ কিনছেন।বাজার কমিটির এক সদস্য জানান, প্রতি বছর মার্চের শুরুতে তরমুজ বাজারে এলেও এবার কিছুটা আগেই এসেছে। এতে বাজারে বেচাকেনা বেড়েছে এবং ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন।স্থানীয়দের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক সপ্তাহে মান্নাননগর বাজারে তরমুজের সরবরাহ আরও বাড়বে এবং দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে।