মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার,
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় আমতলী এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে বিক্রির অভিযোগে দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অলিউল্লাহ অটো সার্ভিসিং নামের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।এ ঘটনায় দোকানটির মালিক মোহাম্মদ আলী দর্জীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ লিটার অকটেন জব্দ করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।অভিযান সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।