নিজস্ব প্রতিবেদক,
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ জামিন দেন। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সহিংসতার ঘটনায় করা ওই মামলায় আবদুর রহমান বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। হাইকোর্ট রুল দিয়ে বদিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।